আদালত জানিয়েছে, তিন সপ্তাহ পরে ওই মামলাগুলির চূড়ান্ত শুনানি শুরু হবে। শুনানি হবে প্রতি সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার করে।

বৈবাহিক ধর্ষণকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না, এই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার সুপ্রিম কোর্টের নেই। রয়েছে আইনসভা অর্থাৎ সংসদ এবং প্রশাসনের। বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং ভি মোহনার বেঞ্চে এ কথা জানাল কেন্দ্রীয় সরকার। আদালত জানিয়েছে, তিন সপ্তাহ পরে ওই মামলাগুলির চূড়ান্ত শুনানি শুরু হবে। শুনানি হবে প্রতি সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার করে।
সাবেক ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারার ব্যতিক্রম ২-এ বলা হয়েছে, স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ নয়, যদি না স্ত্রীর বয়স ১৮ বছরের নীচে হয়। বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ ধারার ব্যতিক্রম ২-তেও একই ধরনের ব্যতিক্রম রয়েছে। এই আইনে বদল চেয়ে, বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে একাধিক পক্ষ।